ভারতীয় ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে অপ্রত্যাশিত এক রেকর্ডের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। পুদুচেরির অধিনায়ক ও সদ্য চেন্নাই সুপার কিংসে চুক্তিবদ্ধ অল-রাউন্ডার আমান খান লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলিং রেকর্ড গড়েছেন।
গতকাল সোমবার ঝাড়খণ্ডের বিপক্ষে ম্যাচে নিজের ১০ ওভারে আমান খান খরচ করেন ১২৩ রান, নেন মাত্র ১ উইকেট। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে তিনি ভেঙে দেন অরুণাচল প্রদেশের মিবোম মোসুর সদ্য গড়া ১১৬ রান খরচের রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে আমানই এখন সবচেয়ে খরুচে বোলার।
ম্যাচে টস জিতে পুদুচেরি ঝাড়খণ্ডকে ব্যাটিংয়ে পাঠায়। শুরুতে দুটি উইকেট পড়লেও পরে উৎকর্ষ সিং (৭৪) ও কুমার কুশাগ্রা (১০৫) গড়ে তোলেন ১৫৬ রানের জুটি। তবে সবচেয়ে বিধ্বংসী ছিলেন ঝাড়খণ্ডের অল-রাউন্ডার অনুকুল রায়। ছয় নম্বরে নেমে তিনি ৫৩ বলে অপরাজিত ৯৮ রান করেন, যাতে ছিল ৭টি চার ও ৮টি ছক্কা।
অমান খানের ওপর ব্যাপক চড়াও হন অনুকুল রায়। তার মুখোমুখি হওয়া ১৭ বলে ৭টিতেই ছক্কা হাঁকান। শুধু আমানের বোলিং থেকেই তোলেন ৫৯ রান। কুশাগ্রাও আমানের ওপর আক্রমণ চালিয়ে ২১ বলে নেন ৩৩ রান। পুরো স্পেলে আমান খান হজম করেন ১২টি চার ও ৭টি ছক্কা। তার করা ৬০ বলের মধ্যে মাত্র ১২টি ছিল ডট।
ঝাড়খণ্ড শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬৮ রান তোলে। জবাবে পুদুচেরি ২৩৫ রানে অল-আউট হয়ে যায়। তারা ম্যাচ হারে ১৩৩ রানে। ব্যাট হাতে আমান খান ২৪ বলে ২৮ রান করেন।
উল্লেখ্য, আমান খান এর আগে আইপিএলে ১২টি ম্যাচ খেলেছেন—১১টি দিল্লি ক্যাপিটালসের হয়ে ও একটি কলকাতা নাইট রাইডার্সের হয়ে। চলতি মাসেই আইপিএল ২০২৬ নিলামে ৪০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে এই ম্যাচে তার বোলিং পারফরম্যান্স ক্রিকেট ইতিহাসে এক বিব্রতকর অধ্যায় হিসেবেই লেখা হয়ে রইল।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক: বিপিএল ম্যাচ বাতিল
টেনিস কিংবদন্তিকে পুরস্কার তুলে দিলেন ফুটবল কিংবদন্তি