‘বিকৃত সিনেমায় জাতীয়তাবাদের উসকানি'

‘ব্যাটেল অফ গালওয়ান’কে টার্গেট করল চিন

নিজের ৬০ তম জন্মদিনে (২৭ ডিসেম্বর) ভারতীয় সেনাজওয়ানের জয়গান গেয়ে বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’র টিজার প্রকাশ্যে এনেছিলেন বলিউড তারকা সালমান খান। বাস্তবে গালওয়ান সংঘাতে ভারতীয় সেনার কাছে প্রবল ‘মার খেয়েছিল’ লাল ফৌজ। এবার ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর ঝলকে সে দৃশ্য দেখে ফুঁসে উঠল চিনের বেইজিং। চিনা সংবাদমাধ্যমে ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর বিরুদ্ধে তথ্য বিকৃত, এমনকি অতিরঞ্জিত করার অভিযোগ আনা হয়েছে। 

সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘কোনো অতিনাটকীয় সিনেমা কোনো দেশের পবিত্র সার্বভৌমত্বকে কলুষিত করতে পারে না। সালমানের সিনেমায় ২০২০ সালের গালওয়ান সংঘাতের তথ্য বিকৃত করা হয়েছে।’ সংশ্লিষ্ট প্রতিবেদনে গালওয়ান উপত্যকায় শহিদ হওয়া কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর বীরত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের দাবি, ‘চিনের নেটিজেন থেকে দর্শকমহল মোটেই ব্যাটেল অফ গালওয়ান-এর ঝলক ভালো মনে নেয়নি। বরং গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে তৈরি সিনেমার টিজার দেখে ব্যঙ্গ-বিদ্রুপ করে অতিনাটকীয় বলে তোপ দেগেছে।’ 

 এখানেই শেষ নয়! সালমানের ছবিকে জাতীয়বাদ উসকানির ‘অস্ত্র’ বলেও অভিহিত করা হয়েছে ওই প্রতিবেদনে। লেখা হয়েছে, ‘বিকৃত তথ্যের সিনেমা দেখিয়ে ভারত জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে এবং চীনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করেছে।’ সবমিলিয়ে মুক্তির প্রাক্কালেই চিনের নিশানায় সালমনের ‘ব্যাটেল অফ গালওয়ান’।