রাষ্ট্রীয় শোক উপলক্ষে ডিএমপি নিষিদ্ধ করল অনুষ্ঠান ও আতশবাজি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার প্রেক্ষাপটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরীতে অনুষ্ঠান ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শোক পালনের সময় ঢাকা মহানগরীতে সব ধরনের আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। 

এছাড়া উন্মুক্ত স্থানে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উচ্চ শব্দে হর্ন বাজানো বা জন-উপদ্রব সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে হবে। নগরবাসীর কাছে ডিএমপি নির্দেশনা মেনে চলার জন্য সর্বাত্মক সহযোগিতার আবেদন জানিয়েছে।