শ্রমিকদের পুষ্টিগত অবস্থা ও সামগ্রিক সুস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এক সঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকায় মতিঝিলের এফবিসিসিআইয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে গেইনের কান্ট্রি ডিরেক্টর ডা রুদাবা খন্দকার, এফবিসিসিআই-এর প্রশাসক আব্দুর রহিম খান এবং ক্যাবের সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
ক্যাব বলছে, এই ত্রিপক্ষীয় সহযোগিতার মূল লক্ষ্য হলো বাংলাদেশের বিভিন্ন শিল্প খাতে কর্মরত শ্রমিকদের পুষ্টিগত অবস্থার উন্নয়ন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলা। সমঝোতা স্মারকের আওতায় কর্মক্ষেত্রে পুষ্টি সংবেদনশীল উদ্যোগ গ্রহণ করা, খাদ্য নিরাপত্তা, ভোক্তা ও শ্রমিক সচেতনতা বৃদ্ধি এবং প্রমাণভিত্তিক কার্যক্রম বাস্তবায়নে যৌথভাবে কাজ করা হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, গেইন প্রমাণভিত্তিক কার্যকর উদ্যোগ বাস্তবায়নের জন্য কারিগরি সহায়তা প্রদান করবে। একইসঙ্গে পুনরাবৃত্তিযোগ্য মডেল, উপকরণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক সহায়তার মাধ্যমে শ্রমিকদের পুষ্টি উন্নয়নমূলক কার্যক্রমের জন্য যৌথভাবে পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে কাজ করবে। একই সঙ্গে শ্রমিকদের জ্ঞান, আচরণ ও চর্চার ঘাটতি নিরূপণ এবং বাস্তবায়নে সহায়তায় কাজ করবে প্রতিষ্ঠানগুলো।
এই অংশীদারত্বের মাধ্যমে এফবিবিসিআই বেসরকারি খাতের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে করপোরেট টেকসই উন্নয়ন ও কর্মক্ষেত্রের কল্যাণমূলক উদ্যোগে পুষ্টি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি যোগ করতে সহায়তা ও উৎসাহ প্রদান করবে। শিল্পকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রভিত্তিক পুষ্টি কার্যক্রম সম্প্রসারণেও এফবিবিসিআই ভূমিকা পালন করবে।
ক্যাব ভোক্তা ও শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য ও পুষ্টি অধিকার বিষয়ে জনস্বার্থনীতিক পরামর্শ জোরদার করবে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রসারে প্রচারমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এই অংশীদারত্বের মাধ্যমে শ্রমিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গেইনের সিনিয়র অ্যাডভাইজার খন্দকার মোস্তান হোসেইন, প্রজেক্ট ম্যানেজার জি. এম, সুমন, এফবিসিসিআই-এর হেড অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মো. জাফর ইকবাল, অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহিদুল্লাহ (অব.), জয়েন্ট সেক্রেটারি শামিমুল রহমান, অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল ইফরাত আরা বেগম, ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, নির্বাহী সদস্য শওকত আলী খান, ক্যাবের সদস্য মো. খলিলুর রহমানসহ অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।