অতিরিক্ত মদ্যপানেই অ্যাশেজ হার? তদন্ত শেষে যা বলল ইসিবি?

অস্ট্রেলিয়ার কাছে প্রথম তিন টেস্ট হেরে অ্যাশেজ খুঁইয়েছে ইংল্যান্ড। মেলবোর্নে চতুর্থ টেস্টে জয় পেলেও সিরিজ হারের যন্ত্রণা কমেনি সফরকারীদের। তার ওপর যুক্ত হয়েছে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ। অবশেষে সেই অভিযোগের তদন্ত শেষ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে কোনো ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর এবং তৃতীয় টেস্ট শুরুর আগের সময়টাতে ইংল্যান্ড দল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের নুসা সমুদ্রসৈকত রিসোর্টে ৪ রাত কাটিয়েছিল। ওই সময় কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, দলের একাধিক সদস্য অতিরিক্তি মদ্যপান করেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন খেলোয়াড়ের মাতাল অবস্থার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। সাথে সাথেই তদন্তের ঘোষণা দেয় ইসিবি।

ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে বিয়ার পান ছাড়া গুরুতর কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। বোর্ডের কর্মকর্তাদের ধারণা ছিল, যদি বড় ধরনের কিছু ঘটে থাকত, তাহলে তাৎক্ষণিকভাবেই বিষয়টি সামনে আসত। প্রতিবেদনে আরও বলা হয়, এত বড় দলকে একসঙ্গে ছোট একটি রিসোর্টে পাঠানোই ছিল ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। খেলোয়াড়দের আলাদা করে সময় কাটানোর সুযোগ দিলে হয়তো বিতর্ক এড়ানো যেত।

ইংল্যান্ড দলের সঙ্গে সফরের সময় নিরাপত্তাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা প্রয়োজনে হস্তক্ষেপ করার ক্ষমতা রাখলেও কোনো ধরনের অসদাচরণ বা সতর্ক সংকেত দেখা যায়নি। সে কারণেই তদন্তে ক্রিকেটারদের কোনো শাস্তিযোগ্য আচরণ ধরা পড়েনি বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পেয়েছে ইংল্যান্ড দল। সিরিজের শেষ ম্যাচ খেলতে এখন তারা সিডনির পথে। আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের পঞ্চম টেস্ট।