চট্টগ্রামে পৃথক স্থানে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

চট্টগ্রামের পৃথক স্থানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে এবং এর আগে দুপুরে যোহরের নামাজের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজায় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। 

জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর আগে দুপুরে যোহর নামাজের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত জানাজা নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। জানাজার নামাজের আগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক সাইফুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।