অনলাইনে ৩০ লাখের বেশি রিটার্ন দাখিল

চলতি ২০২৫-২৬ করবছরে ৩০ লাখেরও বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন। গত ৩০ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উল্লেখ্য, এ বছর সব করদাতার অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ বছরের জন্য ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। যদিও সম্প্রতি এনবিআর পুরনো পদ্ধতিতে কাগজেও রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছে।

জানা গেছে, সব করদাতার অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য অনলাইন রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনি প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের।

এনবিআর জানায়, যাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়নি, তারাও অনলাইনে ই-রিটার্ন দাখিল করছেন। এনবিআরের হিসাব অনুসারে, আগস্টে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বর মাসে ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবর মাসে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বর মাসে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং ডিসেম্বর মাসে গতকাল পর্যন্ত ১০ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। গত বছর একই সময়ে সব মিলিয়ে ১০ লাখ ২ হাজার ২৯৮ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছিলেন।