রাজধানীর ভাটারা এলাকায় দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ নাঈম কিবরিয়া নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মোহাম্মদ নাঈম কিবরিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামে। তিনি গোলাম কিবরিয়ার ছেলে এবং পেশায় একজন আইনজীবী ছিলেন।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ওই আইনজীবীর মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বুধবার দিবাগত রাতে প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহীরা তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মুখ দিয়ে লালা জাতীয় পদার্থ ও নেশাজাতীয় গন্ধ পাওয়া গেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।