নববর্ষ উদযাপনের সময় সুইজারল্যান্ডের বারে অগ্নিকাণ্ড, নিহত ৪০

ইংরেজি নববর্ষ উদযাপনের সময় ৩১ ডিসেম্বর রাতে সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রাঁ-মোনতানায় একটি অভিজাত স্কি রিসোর্টে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগের অবস্থাই গুরুতর।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওই রিসোর্টে অবস্থিত ‘লে কঁস্টেলাসিওঁ’ নামের বারে আগুন লাগে। আগুনের সূত্রপাতের কারণ এখনও স্পষ্ট নয়। শুরুতে এটিকে বিস্ফোরণ বলে মনে করা হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো হামলা নয়; বরং দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

বারটিতে উপস্থিত ছিলেন এমন দুই ফরাসি নারী ফ্রান্সের টিভি চ্যানেল বিএফএম টিভিকে জানান, তারা দেখেছেন ক্লাবটির বেসমেন্ট অংশে আগুনের সূত্রপাত হয়। তাদের ভাষ্য অনুযায়ী, ‘জন্মদিনের মোমবাতি’ লাগানো একটি বোতল কাঠের ছাদের খুব কাছে ধরার পরই আগুন ধরে যায়।

এমা ও আলবান বলে পরিচয় দেওয়া ওই দুই নারী বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই আগুন ছাদজুড়ে ছড়িয়ে পড়ে।’ তারা জানান, আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা একটি সরু সিঁড়ি বেয়ে নিচতলা থেকে ওপরে উঠে ভবনটি ছেড়ে বেরিয়ে যেতে সক্ষম হন। তবে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিচতলাতেও ছড়িয়ে পড়ে বলে তারা জানান।

তাদের এই বর্ণনা তাৎক্ষণিকভাবে অন্য কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি। রয়টার্সের যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনটি থেকে আগুন ছড়িয়ে পড়ছে এবং ক্লাবের বাইরে থাকা লোকজনের মধ্যে কেউ কেউ দৌড়াচ্ছেন, কেউ চিৎকার করছেন।