মেহেরপুরে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ আটক ২

মেহেরপুরে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ম্যাগজিনসহ ২ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) মেহেরপুর ক্যাম্প। আটককৃতরা হলো কুষ্টিয়ার সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু (২১) একই গ্রামের ভাঙ্গাপাড়া এলাকার দিদার মন্ডলের ছেলে মিশন ইসলাম (১৯))।

র‍্যাব জানায়, আটক গিট্টুর কাছ থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তুল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আটক মিশন ইসলামের কাছ থেকে আফগানিস্তানের তৈরি একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। আটক সোহাগ হোসেন গিট্টুর নামে হত্যা ও অপহরণ মামলাসহ ৪টি এবং মিশনের নামে একটি মারামারি মামলা রয়েছে।

র‍্যাব-১২ সিপিসি মেহেরপুর ক্যাম্প ইনচার্জ পুলিশ সপার কে এ এ মামুন খান চিস্তি জানান, তার নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামে আলসালে পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে বলে জানান র‍্যাবের কমান্ডার চিস্তি।