ডিসেম্বর মাসে প্রবাসী আয়ে রেকর্ড

সদ্য বিদায়ী ডিসেম্বরে প্রবাসী আয়ের শক্তিশালী ধারা অব্যাহত রয়েছে। এই মাসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার প্রবাসীরা দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে দেশের ইতিহাসে সর্বোচ্চ আয় ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলার। এটি এখনো দেশের সর্বোচ্চ রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডও ছিল গত বছরের মে মাসে ২৯৭ কোটি ডলারের প্রবাসী আয়। তবে গত ডিসেম্বরে সেই দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। এটি নভেম্বরের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি এবং ২০২৪ সালের ডিসেম্বরে আসা ২৬৪ কোটি ডলারের তুলনায় ৫৯ কোটি ডলার বেশি। উল্লেখ্য, গত নভেম্বরের রেমিট্যান্স ছিল ২৮৯ কোটি ডলার।

এদিকে, ডিসেম্বর মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৯০ হাজার ডলারের রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার। ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল ওই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার আগের বছরের তুলনায় যা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের মতে, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা, বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহ এবং এক্সচেঞ্জ হাউজগুলোর সক্রিয় ভূমিকার কারণেই প্রবাসী আয়ে এই উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে।