চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতে রাস্তায় ফেলে যাওয়া ৪ বছরের আয়েশা আক্তার ও ১৪ মাসের মোরশেদের বাবার সন্ধান পেয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বাঁশখালী উপজেলা থেকে শিশুদের বাবা খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনার সূত্রপাত ঘটে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা রাস্তার মাথা এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা শিশু দুটিকে দেখতে পান অটোরিকশাচালক মহিম উদ্দিন। চার বছর বয়সী কন্যা শিশু আয়েশা ও ১৪ মাস বয়সী বাকপ্রতিবন্ধী ছোট ভাই মোরশেদকে উদ্ধার করে মানবিক তাড়নায় নিজের বাড়িতে নিয়ে আশ্রয় দেন মহিম।
খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, ছোট শিশুটি জন্মগত রোগে এবং বড় শিশুটি চর্মরোগে আক্রান্ত। হৃদয়বিদারক এই ঘটনা জেনে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর তাদের দায়িত্ব গ্রহণ করে।
খোরশেদের অভিযোগ, প্রায় ৫ থেকে ৬ মাস আগে তার স্ত্রী ঝিনুক আক্তার দুই সন্তান নিয়ে ঘর থেকে পালিয়ে যান। যাওয়ার সময় সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রসহ নগদ ১৮ হাজার টাকাও সঙ্গে নিয়ে যান। এরপর থেকে দীর্ঘ সময় স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজ তিনি পাননি।