শরীয়তপুরের নড়িয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এরশাদ খান নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে নড়িয়া-শরীয়তপুর সড়কের নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এরশাদ খান (৩৫) নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া গ্রামের মেছের খার ছেলে ও নড়িয়া বাজারের একজন ফল ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, শুক্রবার সকালে এরশাদ খান বাড়ি থেকে মোটরসাইকেলে নড়িয়া বাজারে যাচ্ছিলেন। পথে নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে একটি সিমেন্টবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়লে পেছনের চাকায পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ট্রাকসহ চালককে আটক করে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।