বাংলাদেশের পিচের মান সবচেয়ে খারাপ: উইজডেনের বিশ্লেষণ

সম্প্রতি মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দুই দিনে শেষ হয়ে যাওয়ায় ওই ভেন্যুর উইকেটকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি। প্রশ্ন উঠতে পারে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা দেশগুলোর পিচের মান কেমন? এ বিষয়ে সম্প্রতি একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক বিখ্যাত সাময়িকী ‘উইজডেন’। এতে বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে!

২০১৯ সালে শুরুর পর চার আসর মিলিয়ে এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হয়েছে ২২৪টি। ৫৮টি ভেন্যুতে অনুষ্ঠিত এসব ম্যাচে অংশ নিয়েছে ৯টি দেশ। এই ম্যাচগুলোর পিচ রেটিং বিশ্লেষণ করে উইজডেন দেখেছে, বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া ১৩টি ম্যাচের মধ্যে মাত্র ১৫.৩৮% পিচকে আইসিসি ‘খুব ভালো’ হিসেবে স্বীকৃতি দিয়েছে! এই হিসেবে বাংলাদেশের নিচে আছে কেবল শ্রীলঙ্কা (৫.৫৫%)। কিন্তু বাংলাদেশের ৭.৬৯% পিচ পেয়েছে ‘অসন্তোষজনক’ রেটিং, যা শ্রীলঙ্কার ক্ষেত্রে ০।

উইজডেনের বিশ্লেষণে নিউজিল্যান্ডের ৮১.৮১% , অস্ট্রেলিয়ার ৪৩.৭৫%, ইংল্যান্ডের ৩৬.৫৮% আর ভারতের ৩২.২৫% পিচ ‘খুব ভালো’ রেটিং পেয়েছে। আর কোনো দেশই ত্রিশের ঘরে নেই। বাংলাদেশের মাত্র দুটি ভেন্যুর উইকেট একবার করে ‘খুব ভালো’ রেটিং পেয়েছে। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে চট্টগ্রাম ও সিলেটের উইকেটকে ‘খুব ভালো’ রেটিং দিয়েছিল আইসিসি। ২০২৩ সালে মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের একটি ম্যাচের পিচ পেয়েছে ‘অসন্তোষজনক’ রেটিং।

শুধু পিচ নয়, আউটফিল্ডের বিচারেও বাংলাদেশ আছে সবার পেছনে। ১৩টি টেস্টের মধ্যে বাংলাদেশের মাত্র ৪৬.১৫% আউটফিল্ড ‘খুব ভালো’ রেটিং পেয়েছে। ম্যাচের হিসেব করলে ৬টি ম্যাচ। অথচ অস্ট্রেলিয়া (৯৩.৭৫%), নিউজিল্যান্ড (৯০.৯০%) এবং ইংল্যান্ডের (৮৫.৩৬%) মতো দেশগুলো বহুগুণ এগিয়ে আছে। এমনকী আউটফিল্ডের বিচারে শ্রীলঙ্কার ১৮টি ম্যাচের মধ্যে ৫০% পেয়েছে ‘খুব ভালো’ রেটিং।