২০২৬ মৌসুমে দেশের মাটিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্রিকেট সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ফরম্যাটেই দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। তবে ম্যাচগুলোর ভেন্যু পরবর্তীতে জানানো হবে।
পাকিস্তান সিরিজ: মার্চ মাসে পাকিস্তান দল বাংলাদেশ সফরে এসে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১২, ১৪ এবং ১৬ মার্চ।
নিউজিল্যান্ড সিরিজ: এপ্রিল ও মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ওয়ানডে ম্যাচগুলো হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল। আর ২৭ এপ্রিল, ২৯ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ: মে মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮ থেকে ১২ মে এবং ১৬ থেকে ২০ মে।
অস্ট্রেলিয়া সিরিজ: আগামী জুন মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সিরিজ আয়োজন করা হবে। ওয়ানডে ম্যাচগুলো ৫, ৮ ও ১১ জুন এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো ১৫, ১৮ ও ২০ জুনে অনুষ্ঠিত হবে।
ভারত সিরিজ: আগস্ট ও সেপ্টেম্বর মাসে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ওয়ানডে ম্যাচগুলো ১, ৩ ও ৬ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: অক্টোবর ও নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে একটি ৩ দিনের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এছাড়া মে মাসে শ্রীলঙ্কা ‘এ’ দল বাংলাদেশ সফর করবে, যেখানে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।