নাইম শেখ ও অ্যাডাম রসিংটনের ব্যাটে একপেশে জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। বিপিএলের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়ে তিন ম্যাচে দ্বিতীয় জয় তুলে নেয় শেখ মেহেদীর দল। ব্যাট হাতে আধিপত্যের পাশাপাশি উইকেটের পেছনে রসিংটনের ক্ষিপ্রতায় ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল বিশ্বরেকর্ড স্পর্শ করার কারণে।
টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদী। শুরু থেকেই ঢাকার ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করেন বোলাররা। প্রথম ওভারেই শরিফুল ইসলামের বলে সাইফ হাসান ফিরে গেলে ছন্দ হারায় ঢাকা। এরপর জুবাইদ আকবরী ও উসমান খান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটি বেশিক্ষণ টেকেনি। শরিফুলই ফেরান আকবরীকে।
মাঝের ওভারগুলোতে ঢাকার জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠেন তানভির ইসলাম। বাঁহাতি এই স্পিনার ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট নেন। অধিনায়ক মেহেদীও ২ উইকেট শিকার করেন। দলীয় ৪৬ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ঢাকা ক্যাপিটালস।
শেষদিকে নাসির হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন অষ্টম উইকেটে ৪৮ রানের জুটি গড়ে ঢাকার সংগ্রহ কিছুটা সম্মানজনক করেন। নাসির ১৭ রান করে শরিফুলের তৃতীয় শিকার হন। পরে সাইফউদ্দিন অপরাজিত ৩৩ রান করলেও শেষ ওভারে সালমান মির্জা রান আউট হলে ঢাকার ইনিংস থামে ১২২ রানে। শরিফুল ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেটই হারায়নি চট্টগ্রাম। নাইম শেখ ও অ্যাডাম রসিংটন শুরু থেকেই ঢাকার বোলারদের ওপর চড়াও হন। নাইম ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। কিছুক্ষণ পর ৩১ বলেই ফিফটির দেখা পান রসিংটন। দুজনের ব্যাটে ৪৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয়।
নাইম অপরাজিত থাকেন ৪০ বলে ৫৪ রান করে, যেখানে ছিল ৭টি চার ও ১টি ছক্কা। অন্যদিকে রসিংটন খেলেন ৩৬ বলে ৬০ রানের ঝকঝকে ইনিংস, হাঁকান ৯টি চার ও ২টি ছক্কা।
ব্যাটিংয়ের পাশাপাশি ম্যাচের আরেক নায়ক ছিলেন রসিংটন তার কিপিং নৈপুণ্যে। বিপিএলে এক ম্যাচে চারটি স্টাম্পিং করে তিনি গড়েছেন অনন্য কীর্তি। বিপিএলের ইতিহাসে এই প্রথম কোনো কিপার এক ম্যাচে চারবার স্টাম্পিং করলেন। এর মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে চার স্টাম্পিংয়ের বিশ্বরেকর্ডে নাম লেখালেন তিনি।
রসিংটনের স্টাম্পিংয়ের শিকার হন উসমান খান, শামীম হোসেন, সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিম। তানভির ও মেহেদীর স্পিনে রসিংটনের ক্ষিপ্র হাত ঢাকার ব্যাটারদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে এক ম্যাচে পাঁচ স্টাম্পিংয়ের রেকর্ড গড়ার সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত আর সুযোগ আসেনি।
টি-টোয়েন্টিতে এক ম্যাচে চার স্টাম্পিংয়ের কীর্তি আগে গড়েছিলেন টনি ফ্রস্ট, দিনেশ কার্তিক, কামরান আকমাল, ধিমান ঘোষ, দিনেশ রামদিন ও লাহিরু দাওয়াতাগে। এবার সেই তালিকায় যুক্ত হলো অ্যাডাম রসিংটনের নামও।