স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাইয়ে গিয়ে আটক আ.লীগ নেতা

পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নেওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা আটক হয়েছেন। এ সময় আটক করা হয় কৃষকলীগের আরেক নেতাকেও। গতকাল শুক্রবার বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বের হওয়ার সময় পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।

আটকরা হলেন সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌর কৃষকলীগ নেতা শাহীন হোসেন। মিরাজুল ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের প্রস্তাবক।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, আটকদের একজন সাবেক মেয়র ও অপরজন কৃষকলীগের নেতা। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘মনোনয়ন যাচাই-বাছাইয়ে প্রস্তাবক হিসেবে মিরাজুল আমার সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছিলেন। যাচাই-বাছাইয়ে আমার প্রার্থিতা বৈধ হওয়ার পর তিনি সেখান থেকে বের হলে কোনো মামলা ছাড়াই গোয়েন্দা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। আমি এর তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে আটকদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।’