অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ হারের পর ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে দেশটির ক্রিকেটাঙ্গনে। সাবেক ক্রিকেটাররাও আলোচিত ‘বাজবল’ –এর সমালোচনা করছেন। তবে ম্যাককালামের ওপর পূর্ণ আস্থা রেখেছেন অধিনায়ক বেন স্টোকস। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ম্যাককালামের জায়গায় অন্য কাউকে কল্পনাও করতে পারেন না।
২০২২ সালে স্টোকস ও ম্যাককালাম একসঙ্গে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন। এই অস্ট্রেলিয়া সফরকে তাদের নেতৃত্বের বড় পরীক্ষা হিসেবে ধরা হলেও প্রথম তিন ম্যাচে হেরে ইংল্যান্ড সিরিজ খুইয়ে বসে। তবে মেলবোর্নে চতুর্থ ম্যাচ জিতে প্রায় ১৫ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ের স্বাদ পায় ইংল্যান্ড। স্টোকস বলেন, আগামী কয়েক বছর ইংল্যান্ড দলকে এগিয়ে নেওয়ার জন্য তিনি ও ম্যাককালামই সঠিক মানুষ।
ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের ভাষায়, ‘আমার মনে কোনো সন্দেহ নেই যে নিকট ভবিষ্যতেও এই দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য আমি ও ব্রেন্ডনই সঠিক মানুষ। এখন আমরা যেখানে আছি, সেখান থেকে দলকে আরও বড় উচ্চতায় নিয়ে যেতে পারে—এমন অন্য কাউকে আমি দেখতে পাচ্ছি না।’
চার বছর আগে ৪-০ ব্যবধানে হারের পরই স্টোকস ও ম্যাককালামকে আনা হয়েছিল। অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সফর শেষে ইংল্যান্ড দলের কোচিং কাঠামোতে পরিবর্তন আনার আলোচনা শুরু হলেও স্টোকস মনে করেন, অতীতে বারবার পরিবর্তন এনে কোনো লাভ হয়নি। আগেও একই পথ অনুসরণ করা হয়েছে, কিন্তু ফলাফল আসেনি। বর্তমান চুক্তি অনুযায়ী স্টোকস ও ম্যাককালাম দুজনই ২০২৭ সাল পর্যন্ত দায়িত্বে আছেন।
স্টোকস আরও বলেন, ‘আমরা এখানে (অস্ট্রেলিয়ায়) ২০১০-১১ সালের পর জিততে পারিনি। সেই সিরিজের পর থেকে আমরা ভেবেছি মানুষ বদলালেই পরিস্থিতি বদলাবে, কিন্তু আসলে কি তাতে কাজ হয়েছে? আমার ওপরে অনেক মানুষ আছেন। অতীতের অ্যাশেজ সফরগুলো ভালো যায়নি। কিন্তু চার বছর আগে যা করা হয়েছিল, সেটাই যদি আবার করি, তাহলে আমরা আবারও একই জায়গায় ফিরে যাব।’