আগের দিন এক বলে এক রান নিতে পারেননি, সেই মাহমুদউল্লাহই গতকাল ১৬ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলে হলেন ম্যাচের সেরা। আগের দিনই তাকে ব্যাপক সমালোচনা সহ্য করতে হয়েছে। প্রাসঙ্গিকভাবেই উঠে এসেছিল ২০১২ এশিয়া কাপ ফাইনাল কিংবা ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ৩ বলে ২ রান নিতে না পারার কলঙ্ক। এবার ম্যাচসেরা হয়ে মাহমুদউল্লাহ দিলেন জবাব।
সংবাদ সম্মেলনে এক বলে এক রান নিতে না পারার বিষয়ে তিনি বলেন, ‘এক বলে ১ রান… বলা খুব সহজ। তবে ডেলিভার করতে না পারা… এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না। মানুষ অনেক সময় ভাবে যে ক্রিকেট খুব সহজ। বিশেষ করে, টি-টোয়েন্টিতে যারা লেট মিডল অর্ডারে ব্যাট করে, তারা খুব ভালো করেই জানে যে, তাদের পজিশন কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা বিপজ্জনক। ওই পজিশনে ধারাবাহিকভাবে সফল হওয়া সহজ নয়।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির পর মাহমুদউল্লাহ বলেছিলেন, সময় হলে তিনি অনেক কিছুই বলে দেবেন। তবে গতকাল ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান জানালেন, সময়টা এখনো আসেনি, ‘আমার মনে হয়, এটা উপযুক্ত মঞ্চ নয়। বলার অনেক কিছুই ছিল এবং ওটা মিন করেই বলেছিলাম। কারণ আমি বিনয়ী থাকতে চাই, আক্রমণাত্মক হতে চাই না। এটা সঠিক মঞ্চ নয়। সঠিক সময়ে সুযোগ এলে অবশ্যই বলব। যে জিনিসগুলো আমার সঙ্গে হয়েছিল, অবশ্যই বলব।’
অবশ্য বলতে না চেয়েও কিছু কথা ঠিকই বললেন মাহমুদউল্লাহ, ‘আই অ্যাম অ্যাবসলিউটলি ফাইন। যে কেউ সমালোচনা করতেই পারে। আপনাদের (সংবাদকর্মী) কাজ হচ্ছে রিপোর্ট করা। আপনারা একটা জিনিস নিয়ে বিশ্লেষণ করবেন, বলবেন। কিন্তু আমার মনে হয়, সবকিছুরই একটা সীমা থাকে। কখনও কখনও আমি বিশ্বাস করি, ওই সীমানা সবাই পার করে ফেলে। অনেক সময় অনেক ক্রিকেটার এই সমালোচনা গ্রহণ করতে পারে না। তাদের মনোবলেও অনেক সময় চিড় ধরে। তবে দিনশেষে তো আপনি জানেন, আপনার কতটুকু সামর্থ্য আছে। আমি সত্যিই বিশ্বাস করি, কেউ যদি তার কাজের প্রতি বিশ্বাস রাখে, সৎভাবে কাজ করে, আজ হোক বা কাল, আল্লাহ ফল দেবেন।’
মাহমুদউল্লাহ আরও বলেন, ‘আমি খুব একটা আউটস্পোকেন নই, আপনারা সবাই জানেন। এজন্যই শুরুত বললাম, বিনয়ী থাকা প্রয়োজন আমার এবং আমি চাই বিনয়ী থাকতে। এটাই আমি পছন্দ করি। কারণ আল্লাহ সেটা পছন্দ করে এবং আমি সত্যিই বিশ্বাস করি। কথা বলে তো লাভ নেই। যদি ওপরওয়ালা সম্মান দেন, তাহলে ওই সম্মান তো কেউ আটকে রাখতে পারবে না। এটা আমি বিশ্বাস করি, মনেপ্রাণে বিশ্বাস করি।’
‘স্কালোনি ছিল খুবই রসিক; ঠাট্টা-মজা করতে ভালোবাসত’
মাহমুদউল্লাহ ২১২ স্ট্রাইকরেটে রান করে জেতালেন রংপুরকে