আরও এক উচ্চতায় বিয়ন্সে

বিশ্ব সংগীতে ঝলমলে এক নাম বিয়ন্সে নোয়েলস। এর আগে সংগীতের অনেক রেকর্ড ভেঙে নিজেকে অন্যতম এক প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে জায়গা করে নিয়েছেন। এবার আনুষ্ঠানিকভাবে কোটিপতিদের তালিকায় পঞ্চম সংগীতশিল্পী হিসেবে মর্যাদা অর্জন করলেন। ফোর্বসের প্রতিবেদনে জানানো হয়, ৪৪ বছর বয়সী এই গ্র্যামি বিজয়ী তার ক্যারিয়ারের একটি সফল সময় পার করার পর এই অবস্থানে পৌঁছেছেন। 

২০২৫ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে তার কান্ট্রি অ্যালবাম ‘কাউবয় কার্টার’ অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতে নেয়। একই সঙ্গে তিনি সেরা কান্ট্রি অ্যালবাম জিতে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ইতিহাস গড়েন। 

বিয়ন্সে এ পর্যন্ত ৩৫টি গ্র্যামি পুরস্কার জিতেছেন এবং ৯৯ বার মনোনীত হয়েছেন। ডেসটিনি’স চাইল্ড ব্যান্ডের সদস্য হিসেবে তার সংগীতজীবন শুরু হয়, যা তাকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়। লাইভ নেশনের তথ্য অনুযায়ী, তার ‘কাউবয় কার্টার’ ট্যুর থেকে আয় হয়েছে ৪০০ মিলিয়ন ডলারের বেশি, যা ইতিহাসের সর্বোচ্চ আয়কারী কান্ট্রি ট্যুর হিসেবে পরিচিত। 

২০২৪ সালে বিলবোর্ড তাকে একবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ পপ তারকা হিসেবে ঘোষণা করে। এর আগে তার ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’ ইউরোপ ও উত্তর আমেরিকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে। বিশেষজ্ঞদের মতে, তার কনসার্ট স্টকহোমের মতো শহরে হোটেল ও রেস্তোরাঁর দাম বাড়িয়ে দেয় এবং স্থানীয় অর্থনীতিতেও প্রভাব ফেলে। 

সংগীতের পাশাপাশি বিয়ন্সে পোশাক, হেয়ার প্রোডাক্ট এবং একটি হুইস্কি ব্র্যান্ডের মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রেও সফলতা অর্জন করেছেন, যা তার সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।