ইশরাক হোসেনের মনোনয়ন বৈধ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর দুপুরে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে। এর আগেও নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকায় তিনি পরিস্থিতি সম্পর্কে আত্মবিশ্বাসী। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সব রাজনৈতিক দল গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, প্রত্যেক নাগরিক যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ও বিনা বাধায় ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে লক্ষ্যেই আমরা কাজ করে যাব, ইনশাআল্লাহ।

ইশরাক হোসেন নির্বাচনী হলফনামায় দাবি করেছেন, চারটি ভিন্ন উৎস মিলিয়ে বছরে তার মোট আয়ের পরিমাণ ১ কোটি ৩০ লাখ টাকার কাছাকাছি। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ জানিয়েছেন ৭ কোটি ৭৭ লাখ টাকার কিছু বেশি।

সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন পেশা হিসেবে দেখিয়েছেন ব্যবসাকে। হলফনামা অনুযায়ী, ৩৮ বছর বয়সী ইশরাকের শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার নামে বর্তমানে কোনও ফৌজদারি মামলা নেই জানিয়ে ইশরাক হলফনামায় লিখেছেন, আগে বিভিন্ন সময়ে মোট ২১টি মামলা দায়ের করা থাকলেও সবগুলোতেই অব্যাহতি পেয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত