চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক পরীক্ষার্থীর অভিভাবকের মৃত্যু হয়েছে। মৃত অভিভাবকের নাম মো. ইব্রাহীম খলিল (৬০)। তার পৈত্রিক নিবাস কুমিল্লায় তবে, নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করতেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মেয়ে নাশিতা তাসনিম ২০২৫–২৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী। শনিবার সকালে মেয়েকে নিয়ে চবিতে আসেন। শহীদ হৃদয় চন্দ্র তরিয়া ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। এ সময় হঠাৎ তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলে বিষয়টি দ্রুত চট্টগ্রাম মেডিকেল সেন্টারকে জানানো হয়। মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক হওয়ার কথা জানান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে পার্কভিউ হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত হন যে মো. ইব্রাহীম খলিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি। এই পরিস্থিতিতে তার মেয়েকে পরীক্ষার্থী হিসেবে কোনও বিশেষ সুবিধা দেওয়া হবে না।