না খেললেও কী মোস্তাফিজ ১২ কোটি টাকা পাবে

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে না রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা এই বাঁহাতি কাটার বিশেষজ্ঞকে না পেয়ে এখন কেকেআরের সামনে তৈরি হয়েছে আর্থিক ও আইনি জটিলতা।

চুক্তির অবস্থান কী বলছে?

সাধারণ নিয়মে কোনো খেলোয়াড় ইনজুরি বা ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালে ফ্র্যাঞ্চাইজি পুরো অর্থ ফেরত পায় না। তবে মোস্তাফিজের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। কেকেআর নিজে থেকে তাকে বাদ দেয়নি; বোর্ডের নির্দেশেই এই সিদ্ধান্ত এসেছে। ফলে এটি আইপিএলের নিয়ম অনুযায়ী ‘ফোর্স মাজর’ বা নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতি হিসেবে বিবেচিত হতে পারে। এমন ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি পুরো চুক্তিমূল্য পরিশোধে বাধ্য নাও থাকতে পারে।

বিকল্প খেলোয়াড় মিললেও অর্থের ভবিষ্যৎ অনিশ্চিত

আইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, মোস্তাফিজের বদলে কেকেআর অন্য কোনো খেলোয়াড় নিতে পারবে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও বিকল্প নেওয়ার অনুমতি দিয়েছেন। তবে নিলামে মোস্তাফিজের জন্য বরাদ্দ ৯.২০ কোটি রুপি পুরোপুরি ফেরত পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো সিদ্ধান্ত আসেনি। অর্থ ‘লক’ হয়ে থাকবে, নাকি নতুন খেলোয়াড়ে ব্যবহার করা যাবে—তা নিয়েই প্রশ্ন বাড়ছে।

মাঠে না নামলেও কি টাকা দিতে হবে?

এই অনিশ্চয়তার মধ্যেই আরেকটি বড় প্রশ্ন উঠে এসেছে—মোস্তাফিজ মাঠে না নামলেও কি কেকেআরকে পুরো টাকা দিতে হবে? আইপিএলের গ্যারান্টেড কন্ট্রাক্ট নীতিমালা অনুযায়ী, কোনো খেলোয়াড় ফিট থাকা সত্ত্বেও বাইরের চাপ বা রাজনৈতিক কারণে না খেলালে তাকে বেতন দেওয়ার বাধ্যবাধকতা থাকে। কেবল ইনজুরি, জাতীয় দলের দায়িত্বে ডাকা বা এনওসি না পাওয়ার মতো পরিস্থিতিতেই চুক্তির অর্থ প্রো-রেটা ভিত্তিতে কমানো যায়।

বিসিসিআইয়ের সিদ্ধান্তই কি দায় কমাবে?

যদি বিসিসিআই সরাসরি নিরাপত্তাজনিত কারণে মোস্তাফিজকে আইপিএলে না খেলার নির্দেশ দিয়ে থাকে, তাহলে ক্ষতিপূরণের বিষয়টি বোর্ডের ইন্স্যুরেন্স বা বিশেষ তহবিল থেকে মেটানো হতে পারে। কিন্তু চুক্তির বর্তমান কাঠামোয়, কেকেআর যদি তাকে না খেলায়, তবে এই ৯.২০ কোটি রুপি কার্যত ‘ডেডওয়েট লস’ হয়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মোস্তাফিজের আইনি পথ খোলা

এই পুরো প্রক্রিয়ায় মাঠের বাইরের সিদ্ধান্তে আইপিএল থেকে বঞ্চিত হওয়ায় মোস্তাফিজুর রহমানের সামনে বিসিসিআই কিংবা কেকেআরের কাছে ক্ষতিপূরণ চাওয়ার আইনি সুযোগ রয়েছে। তবে এত বড় অঙ্কের ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া দীর্ঘ ও জটিল হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এখনো পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো বিশেষ তহবিল বা দ্রুত সমাধানের ইঙ্গিত পাওয়া যায়নি।