সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ফসলি জমিতে সেচ পাম্প বসাতে গিয়ে মাটির নিচ থেকে প্রবল বেগে গ্যাস ও বালুমিশ্রিত পানি বের হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের সামনের একটি জমিতে এই ঘটনা ঘটে। গ্যাসের প্রচণ্ড চাপে মাটির গভীরে স্থাপিত পাইপ ও মোটর উপরে উঠে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর গ্রামের কৃষক মো. আলমগীর তার জমিতে সেচ দেওয়ার জন্য গত শুক্রবার থেকে গভীর নলকূপ বসানোর কাজ শুরু করেন। ওইদিন প্রায় ২৫০ ফুট গভীরে পাইপ স্থাপন করা হয়। শনিবার সকাল ৮টার দিকে মিস্ত্রীরা পাইপের ভেতর মোটর দিয়ে পানি তোলার চেষ্টা করলে হঠাৎ ভেতর থেকে বালুমিশ্রিত পানিসহ পাইপ ও মোটর ধীরে ধীরে উপরে উঠে আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই শব্দ করে প্রবল বেগে গ্যাস ও পানি বের হতে শুরু করে। খবর পেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় চার ঘণ্টা ধরে এই পরিস্থিতি চলার পর দুপুর ১২টার দিকে গ্যাসের চাপ কমে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে সংশ্লিষ্ট কৃষককে ওই নির্দিষ্ট স্থানে আপাতত পাম্প স্থাপন না করার পরামর্শ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী সেখানে গ্যাস থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগকে খতিয়ে দেখার জন্য দ্রুত জানানো হবে।