মানসম্মত হজ ও ওমরাহ সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের নতুন প্রতিষ্ঠান সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। সম্প্রতি রাজধানীর নয়াপল্টনে অবস্থিত সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের অফিস উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আকিজ রিসোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।
শেখ জসিম উদ্দিন বলেন, ‘হজ ও ওমরাহ আয়োজন একটি অত্যন্ত সংবেদনশীল ও পবিত্র সেবা খাত। এই খাতে সেবার মান, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হজ ও ওমরাহ সেবা খাতে দীর্ঘদিন ধরে মানসম্পন্ন এবং স্বচ্ছ সেবার ঘাটতি লক্ষ করে আমরা এই খাতে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছি। আকিজ রিসোর্স যে আস্থা ও পেশাদারিত্বের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে, সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস তারই প্রতিফলন হবে। আমরা চাই, যারা হজ ও ওমরাহ করতে যাবেন, তারা একটি নিরাপদ ও নিরবচ্ছিন্ন সেবা পান।’
সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের হেড অব বিজনেস আবু আম্মার আব্দুল্লা বলেন, এই প্রতিষ্ঠানটি হজ ও ওমরাহ সেবা খাতের বিদ্যমান ঘাটতিগুলো পূরণে বিশেষভাবে কাজ করবে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত মূল্য আদায় ও অস্বচ্ছ পেমেন্ট সিস্টেমের অবসান, ভুল তথ্য এবং প্রতারণামূলক প্রচারণার প্রতিরোধ, আধুনিক প্রযুক্তিনির্ভর বুকিং ও ট্র্যাকিং ব্যবস্থা, অভিজ্ঞ মুয়াল্লিম এবং প্রশিক্ষিত গাইডের মাধ্যমে ২৪ ঘণ্টা সহায়তা সেবা প্রদান করা।
সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস হজ ও ওমরাহ যাত্রীদের জন্য গ্রুপ এবং কাস্টমাইজড প্যাকেজ, ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, মক্কা ও মদিনায় হোটেল রিজার্ভেশন, স্থানীয় পরিবহন, মুয়াল্লিম এবং গাইড সহায়তা, রিয়েল-টাইম গ্রাহক সাপোর্ট এবং হজযাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন করবে।