চাঁদপুরে অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তি থানা-পুলিশের অভিযানে একটি ৯ এমএম ও একটি ৭ দশমিক ৬২ পিস্তল এবং ৩০ রাউন্ড গুলিসহ মা লাভলী বেগম (৪০) ও ছেলে মো. ফয়সাল হোসেন শাকিলকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা এলাকার আলমগীর হোসেনের ঘরে অভিযান চালানো হয়। এ সময় একটি ৯ এমএম পিস্তল, একটি ৭ দশমিক ৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ ওই ঘরের বাসিন্দা মো. আলমগীর হোসেনের স্ত্রী লাভলী বেগম ও তার ছেলে মো. ফয়সাল হোসেন শাকিলকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়।

স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন জানান, ‘আমাদের একটি মোবাইল চুরি হওয়ায় আমরা আলমগীরের ঘরে তল্লাশি করি। তল্লাশির একপর্যায়ে ঘরে একটি পুরনো গিটারের ভেতরে পিস্তল দেখতে পাই। এতে আমাদের সন্দেহ বেড়ে যাওয়ায় আমরা পুলিশে সংবাদ দিই। পুলিশ এসে পুরো ঘর তল্লাশি করে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।’

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাভলী বেগম উদ্ধারকৃত অস্ত্র, সরঞ্জামগুলো ২০২৪ সালের ৫ আগস্ট একটি থানায় লুট হওয়া অস্ত্র বলে স্বীকার করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

লুৎফর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযানে লুট হওয়া অস্ত্র, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।