দুই শতাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক যাচাইয়ে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, সিপিবি ও স্বতন্ত্রসহ শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত করা হয়েছে। তবে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ে আপিল করার সুযোগ থাকছে প্রার্থীদের।

নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাই শেষে গতকাল শনিবার দেশের বিভিন্ন আসনে প্রায় দুই শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত করা হয়েছে। দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা, ময়মনসিংহ-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মো. মাহাবুবুর রহমান লিটন এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

এছাড়া সিলেটের তিনটি সংসদীয় আসনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের তিন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, যাচাই-বাছাই শেষে এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে গ্রহণ কিংবা বাতিলের সিদ্ধান্ত আপিল শুনানির পর নির্ধারিত হবে।

ইসি সূত্রে জানা গেছে, প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ও স্থগিতের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে প্রস্তাবক ও সমর্থকের তথ্য সঠিক না থাকা, ভোটারের স্বাক্ষর অনুপস্থিতি, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা, দলীয় মনোনয়নপত্রে থাকা স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশনে পাঠানো মনোনয়নপত্রের স্বাক্ষরের অমিল, মামলা সংক্রান্ত তথ্য ও ঋণখেলাপির অভিযোগ উল্লেখযোগ্য।

নির্বাচন কমিশন জানিয়েছে, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তির পরই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় ইসি জানায়, আসন্ন নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ইতিপূর্বে জারি করা পরিপত্র-২ এর দফা-১৯ এর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। আপিল দায়েরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।

 আপিল দায়ের করতে ইচ্ছুক প্রার্থী বা তাদের প্রতিনিধিদের সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত বুথে আবেদন জমা দিতে হবে। আপিল আবেদনের ক্ষেত্রে ইসি কর্তৃক সরবরাহ করা ‘পরিশিষ্ট-ক’ এর নমুনা বা ফরম্যাট কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে দেশের সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই বিষয়টি প্রার্থীদের অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যাতে প্রার্থীরা সঠিক নিয়ম মেনে সময়মতো তাদের অভিযোগ বা আপিল দাখিল করতে পারেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাসনিম জারা বলেন, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ১ শতাংশ ভোটারের তালিকা থেকে দৈবচয়নের মাধ্যমে ১০ জনকে যাচাই করা হয়। যাচাইকৃতদের মধ্যে আটজনই স্বাক্ষরের বিষয়টি বলেছেন; একজনকে ফোনে পাওয়া যায়নি, আরেকজন বলেছেন তিনি এই এলাকার ভোটার না। আমার আপিল করার সুযোগ আছে, আমি আপিল করার প্রস্তুতি নিচ্ছি।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এ সিদ্ধান্ত জানান। হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

ঢাকা-১৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আহাম্মদ সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র বাছাইয়ের এমন সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।

এ বিষয়ে সিপিবির রুবেল বলেন, বর্তমান কমিটি গত বছরের অক্টোবর হয়েছে, কমিশন এই তথ্য হালনাগাদ করা হয়েছে। শনিবার সকালেও সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন কমিশন সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মনোনয়নপত্র বাতিল হলেও আপিলে এই বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে আশা করি।

ময়মনসিংহ-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মো. মাহাবুবুর রহমান লিটনসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান বলেন, মামলার তথ্য গোপন করায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া অন্য প্রার্থীরাও তথ্য গোপন করায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মৃত ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আলোচিত সেই এপিএস মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

ঢাকা নগরীর ১৫ আসনে বৈধ প্রার্থী ১৩১ জন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নগরীর ১৫টি সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্রের বাছাই শেষে ১৩১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ৬২টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, স্থগিত হয়েছে একটি করে মনোনয়নপত্র।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই হবে ঢাকা মহানগরীর ১৩টি আসনের এবং আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বাকি দুই আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ঢাকার ১৩টি আসনের জন্য মোট ২৫৩টি মনোনয়নপত্র বিক্রি করা হলেও শেষ পর্যন্ত ১৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে এর মধ্যে ১১৯টি বৈধ, ৫৪টি বাতিল এবং একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।’

চট্টগ্রামে ১১ জনের মনোনয়ন বাতিল : চট্টগ্রামের তিনটি আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম চৌধুরীসহ মোট ১১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে দলীয় মনোনয়ন সঠিক না হওয়া, ঋণখেলাপি হওয়া ও বিভিন্ন ধরনের তথ্যগত ত্রুটির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র জানায়, চট্টগ্রাম-৫ আসনে চার জন, চট্টগ্রাম-৭ আসনে তিন জন ও চট্টগ্রাম-১২ আসনে চার জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

মাদারীপুরের তিনটি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাদারীপুরের তিনটি আসনে মোট ২৭ জন প্রার্থীর মধ্যে ২২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন কারণে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন। এই ঘোষণাটি বৃহস্পতি, শুক্র ও শনিবার পর্যায়ক্রমে দেওয়া হয়। শনিবার ছিল মাদারীপুর-৩ আসনের যাচাই-বাছাই ও জেলার শেষ দিন।

চাঁদপুরে ৫টি আসনে ৩৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৫ : ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁদপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ৪৬ জন প্রার্থীর মধ্যে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দলের প্রার্থীদের উপস্থিতিতে শুরুতে যাচাই-বাছাই করা হয়।

কুমিল্লার-১১ আসনে ৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল : কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

রাজশাহীতে অর্ধেক প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল : রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আসনটিতে মোট প্রার্থী ছিলেন ৩৮ জন। এদের মধ্যে ১৯ জনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে। অন্য ১৯ জনের প্রার্থিতা বৈধতা পেয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ৬টি আসনের বিএনপি ও জামায়াতের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।  

মাগুরার দুটি সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শরীয়তপুরের তিনটি আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ১৩ : শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং ৫ জন স্বতন্ত্র প্রার্থী। যাচাই-বাছাইয়ে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলায় মনোনয়নপত্র সংগ্রহ করেন ২৯ জন।

শেরপুর জেলার তিনটি নির্বাচনী এলাকায় এবার ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে সিরাগঞ্জের ৩ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে ।

জামালপুর ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল : জামালপুরের তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেছে জেলা রিটার্নিং অফিসার। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, ‘তিনটি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১২ জনের বাতিল করা হয়েছে।

লালমনিরহাটের তিন আসনে ২৭ প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়ন বাতিল, দুটি অপেক্ষমাণ : লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে দাখিল করা ২৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল এবং দুজনের মনোনয়নপত্র অপেক্ষমাণ রেখেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলা রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার বলেন, যাচাই-বাছাই শেষে পাঁচটি মনোনয়নপত্র বাতিল এবং সামান্য ত্রুটির কারণে দুটি মনোনয়নপত্র অপেক্ষমাণ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন করতে পারলে ওই প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে।

মৌলভীবাজারের ৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল : মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩১ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এতে চারটি আসনে মোট ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

নারায়ণগঞ্জের ৫টি আসনে ৪১টি মনোনয়নপত্র বৈধ, বাতিল ১৬ : নারায়ণগঞ্জ জেলায় ৫টি সংসদীয় আসনে দাখিলকৃত ৫৭টি মনোনয়নপত্রের মধ্যে ৪১টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল ঘোষণা করা হয়েছে ১৬ জনের মনোনয়নপত্র। গতকাল শনিবার ৩ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির এসব তথ্য জানান। মনোনয়নপত্র বাছাইকালে ৪ জনের মনোনয়নপত্র স্থগিত করা হলেও বিকেলে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

নোয়াখালীর ৬টি নির্বাচনী আসনে ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১৫ : নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে ৬২ জন প্রার্থীর মধ্যে ৪৭ জন বৈধ এবং১৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রশাসকের সভাকক্ষে এ ঘোষণা দেন।

উল্লেখ্য, নোয়াখালীর ৬টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি , এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ রিপাবলিকান পার্টিসহ মোট ১৪টি রাজনৈতিক দল মনোনয়নপত্র দাখিল করেছেন।

রংপুরের ৬টি সংসদীয় আসনে যাচাই-বাছাইয়ে বাদ পড়লেন ১২ প্রার্থী : রংপুরের ৬টি সংসদীয় আসনে যাচাই-বাছাইয়ে বাদ পড়লেন ১২ প্রার্থী। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী, রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের (মার্কসবাদী) আনোয়ার হোসেন বাবলু এবং বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় পার্টির (আনিসুল-হাওলাদার) প্রার্থী আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী জয়নুল আবেদীন ও শাহ আলম বাসার, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার মুকিত আল মাহমুদ ও এবি পার্টির প্রার্থী আব্দুল বাছেদ, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার শাহিদুল ইসলাম ও তাকিয়া জাহান চৌধুরী, শাহ জামান রওশন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. কামরুজ্জামান।

সুনামগঞ্জের ৫টি আসনে মনোনয়ন বৈধ ২৬ প্রার্থীর, বাতিল ১৩ : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বাতিল করা হয়েছে। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। জেলার ৫টি আসনে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

ভোলায় ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ১২ : ভোলার দুটি আসনে ১৫ প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং বৈধ ঘোষণা করা হয়েছে ১২ জন প্রার্থীর। বাতিলকৃত প্রার্থীরা হলেন ভোলা-১ আসনে জাতীয় পার্টির মো. আকবর হোসেন ও স্বতন্ত্র রফিজুল হোসেন এবং ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রহমাত উল্লাহ। গতকাল শনিবার (০৩ জানুয়ারি) দিনভর ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান এ তথ্য জানান।

বগুড়ায় তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, দুই আসনে বাতিল ৪ জনের : বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপর দিকে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে তার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এই দুই আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এছাড়া মৌলভীবাজারে ৪টি আসনে ৯ জন প্রার্থীর ৭ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ২ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। খুলনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। পাবনায় ২ ও ৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মৌলভীবাজারে ৪ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গাজীপুরের ৫টি আসনে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল ও ৩৪ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। জয়পুরহাটে দুটি আসনে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ও ৭ জনের বাতিল করা হয়েছে।

হবিগঞ্জে ৪টি আসনে ২৯ প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাগেরহাটে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৩২ প্রার্থী। এর মধ্যে ৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আড়াইহাজারে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বরগুনায় ১৮ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গাইবান্ধার ৫ আসনে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রাজবাড়ী-২ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। খাগড়াছড়িতে ১৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৭ জন বৈধ, ৭ জনের মনোনয়নপত্র বাতিল ও ১ জনের স্থগিত রাখা হয়েছে।