নিখোঁজের দুদিন পর রান্নাঘরে স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিখোঁজের দুই দিন পর নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকা-। তাদের প্রাথমিক ধারণাশিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত শিশুর নাম আয়েশা মণি (১১)।

স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেল থেকে আয়েশা মণি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা খোঁজ করেও তার সন্ধান পাননি। গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে তাদের বসতবাড়ির রান্নাঘরের বারান্দায় একটি বস্তার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আয়েশা মণি তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট। সে রাঙ্গাবালী ছালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাবা বাবুল প্যাদা পেশায় দিনমজুর। মা আছমতারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকা-। পুলিশের প্রাথমিক ধারণা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা করা হয়েছে।

সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।