র‌্যাব পরিচয়ে ৫ লাখ টাকা আদায়, যুবক গ্রেপ্তার

র‌্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে রাজশাহী থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শীতবস্ত্র বিতরণের নামে র‌্যাব পরিচয়ে তিনি ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে জানা গেছে।

গত শনিবার সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর বাইপাস রোড এলাকায় র‌্যাব-৫ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল রবিবার র‌্যাব-৫-এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম মারুফ হোসেন (২৯)। তিনি গোদাগাড়ী উপজেলার কৃষ্ণবাটি বোগদামারী এলাকার রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার বাসিন্দা ইসমাইল চৌধুরী রাসেল পেশায় গার্মেন্টস ব্যবস্থাপক। তিনি অভিযোগ করেন, তার প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে গত ১৪ ডিসেম্বর অজ্ঞাত ব্যক্তি ফোনে র‌্যাব পরিচয়ে বলেন, র‌্যাব শীতবস্ত্র বিতরণ করবে, তাই অনেক অর্থ প্রয়োজন। চেয়ারম্যান নুরুজ্জামান খান সরল বিশ্বাসে তার ডাচ্্-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে ৫ লাখ টাকা দেন। পরে তার মোবাইল নম্বরে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা করেন।

এরই পরিপ্রেক্ষিতে ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ ও র‌্যাব-১১-এর যৌথ দল শনিবার সন্ধ্যায় গোদাগাড়ীর গোপালপুর বাইপাস রোড এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা চক্রের মূলহোতা মারুফ হোসেনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে।