ঈশ্বরদীতে প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম বন্ধ, ২০১ জনের বিরুদ্ধে নেসকোর করা মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে সচেতন নগরবাসী ফোরামের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৬টা থেকে হরতাল সমর্থকরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান নেন। দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই হরতাল পালিত হয়। এ সময় ফতেমোহাম্মদপুর লোকোসেড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টায়ারের আগুন নিভিয়ে দেয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানায়। হরতালের কারণে ঈশ্বরদী বাজারসহ শহরের প্রধান সড়ক স্টেশন রোডের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। সড়কে গুটিকয়েক রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভান বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ এবং ইতিমধ্যে যেসব মিটার স্থাপন করা হয়েছে তা অপসারণ ঈশ্বরদীবাসীর সর্বসম্মত দাবি।