ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে সেই আলোচিত এমপি প্রার্থী ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। গত শনিবার বিকেলে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান এ ঘোষণা দেন।
যাচাই-বাছাই শেষে ভোটার তালিকার এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর ফকিরের মনোনয়নপত্র বাতিল করা হয়।
পেশায় ভিক্ষুক আবুল মুনসুর ফকির মনোনয়নপত্র দাখিলের পর ত্রিশাল জুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। অভাব-অনটনের জীবনযাপন করেও জাতীয় সংসদে গিয়ে গরিব মানুষের পক্ষে কথা বলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি। এর আগে তিনি ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৭৭ ভোট পেয়েছিলেন।
মনোনয়ন বাতিলের বিষয়ে আবুল মুনসুর ফকির বলেন, ‘আমি গরিব, আমি ভিক্ষা করি। কিন্তু দেশের নাগরিক হিসেবে নির্বাচনে দাঁড়ানোর অধিকার আমার আছে। উকিলের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব।’ ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল রায়হান জানান, নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে।