গত কয়েক দিন ধরে ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলের আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে তাঁর বাদ পড়া এবং এরপর ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে বিসিবির অবস্থান—সব মিলিয়ে বিষয়টি বেশ আলোড়ন তুলেছে। তবে মাঠের ক্রিকেটে এসবের কোনো প্রভাব পড়েনি মোস্তাফিজের ওপর—এমনটাই জানালেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান।
রবিবার বিপিএলে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে রংপুরকে জয় এনে দেন মোস্তাফিজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহান বলেন, 'মোস্তাফিজ বিন্দাস আছে। কিন্তু একই সঙ্গে আমার কাছে মনে হয় যে খারাপ লাগা তো থাকতেই পারে। কারণ, ও যেটা ডিজার্ভ করে...আমার কাছে মনে হয় যে এর আগে আরও বেশি ডিজার্ভ করত। ওই জায়গা থেকে থাকতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে ইটস ফাইন (ঠিক আছে)।’
শেষ ৩ ওভারে ২৫ রান দরকার ছিল ঢাকার। ১৮ আর ২০তম ওভার করতে এসে মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজ। বিশ্বাস রেখেই মোস্তাফিজের হাতে বল তুলে দিয়েছেন বলেই জানালেন নুরুল, ‘শেষ পর্যন্ত বিশ্বাস ছিল, মোস্তাফিজ আছে। আকিফ জাবেদও ভালো করছে। অবশ্যই মোস্তাফিজ বিশ্বমানের বোলার। আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ সময়ে ওর সেরাটা আরও ভালো দিতে পারে।’
সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে সোহান জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম খুব একটা অনুসরণ করেন না। বাইরে কী আলোচনা চলছে, তা খুব বেশি জানেন না বলেই বলেন। তবে দলের ভেতরে কথা হয়েছে এবং তাঁর ধারণা, মোস্তাফিজের কিছুটা খারাপ লাগা থাকতেই পারে। কারণ সে সবসময় বাংলাদেশের হয়ে ভালো কিছু করার স্বপ্ন দেখে।