গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়াজ মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত মেলায় চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন একই উপজেলার হাদিরাকুড়ি গ্রামের শান্ত (২২), শাকিল (২৩), ওয়াসিম (৩০), নয়ন (২৩), ফারুক, কাঠালবাড়ী গ্রামের জাহাঙ্গীর (৪০) ও রাবি (২০)।
স্থানীয়রা জানান, কাঠালবাড়ী জামে মসজিদ কমিটি রবিবার (৪ জানুয়ারি) রাতে ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত মেলায় নাগর দোলাসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এসময় পার্শ্ববর্তী হাদিরাকুড়ি গ্রামের শান্ত, শাকিল ও ফারুকসহ ১০-১৫ জন যুবক মেলার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে চলে যায় তারা। এ ঘটনার জেরে পরদিন সকালে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পুনরায় মেলায় গিয়ে নাগরদোলার স্টিলের সিড়ি খুলে নিয়ে যায়। এতে কাঠালবাড়ী গ্রামের জাহাঙ্গীর ও রাবিসহ কয়েকজন যুবক বাধা দিলে তাদের সঙ্গে হাতাহাতি হয়। পরে বিষয়টি গ্রাম ভিত্তিক ছড়িয়ে পড়ে এবং হাদিরাকুড়ি ও কাঁঠালবাড়ী গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের ৭ জন আহত হন। গুরুতর অবস্থায় জাহাঙ্গীরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।