ভোলার শহরের খাল পাড় এলাকায় অবৈধ অবকাঠামো উচ্ছেদ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ভোলা পৌরসভা। এ সময় ৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের কাঁচা বাজার, মাছ বাজার ও খাল পাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদ মোহাম্মদ বুলবুলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, শহরের খাল পাড়ে কিছু ব্যবসায়ী অবৈধভাবে দোকান তুলে সরকারি জায়গা দখল করে রেখেছিল, যা আজ উচ্ছেদ করা হয়েছে। এছাড়া শহরের কিচেন মার্কেটে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ৭ জন মাছ ব্যবসায়ীকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কিছু মুদি মালামালও জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।