যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী (৪৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কপালিয়া বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়য়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি কপালিয়া বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (বরফকল) অবস্থান করছিলেন। সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে পার্শ্ববর্তী এক গলিতে ডেকে নিয়ে যায়। সেখানে তার মাথা লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার মোটিভ সম্পর্কে এখনো জানা যায়নি এবং হত্যাকাণ্ডে কারা জড়িত তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।