ভোলায় মেঘনা নদীতে কার্গোজাহাজের ধাক্কায় ৩ জেলেসহ একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা ৩ জেলে আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর আহত একজনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন— নৌকার মাঝি আল আমিন ও জেলে মো. মনির ও মো. তামিম। এরা সকলে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে আল আমিন মাঝি আরও দুজন জেলে মিলে জাল-নৌকা নিয়ে মাছ ধরতে মেঘনা নদীতে যায়। তারা ভোলারখাল সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলে অপেক্ষা করছিলেন। এ সময় একটি কার্গো জাহাজ এসে তাদের নৌকাকে সজোরে ধাক্কা দিলে তিন জেলেসহ মাছ ধরার নৌকাটি ডুবে যায়। পরে নদীতে থাকা অন্য জেলেরা দেখতে পেয়ে তাদের তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করলেও নৌকাটির খোঁজ পাননি। আহতদের মধ্যে আল আমিন মাঝিকে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুই জন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভোলা সদরের ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।