যশোরে ব্যবসায়ী, চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা

যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যায় মনিরামপুরের কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। এর আগে গত শনিবার যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করা হয়।

এদিকে গতকাল রাতে চট্টগ্রামের রাউজানে ফের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত জানে আলম  সিকদার উপজেলা যুবদলের যুবদলের সাবেক সিনিয়র সদস্য। 

নিহত রানা প্রতাপ বৈরাগী পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। কপালিয়া বাজারে তার বরফকল রয়েছে। এ ছাড়া তিনি নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে কপালিয়া বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন রানা প্রতাপ। সন্ধ্যার দিকে বরফকলের পাশে ডেকে নিয়ে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে মনিরামপুরের দিকে চলে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধারের আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মনিরামপুর থানা-পুলিশ।

মনিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু বলেন, ‘দুই বছর ধরে কপালিয়া বাজারে বরফকল পরিচালনা করে আসছেন রানা। আজ (সোমবার) সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে বাজারে অবস্থিত ক্লিনিকের পাশে গলির রাস্তার মুখে নিয়ে যায়। এরপর তারা তাকে সেখানে গুলি করে হত্যা করে।’

স্থানীয় একটি সূত্র জানায়, নিহত রানা প্রতাপের নামে যশোরের বিভিন্ন থানায় একাধিক মামলা ছিল। তিনি চরমপন্থি দলের সঙ্গেও জড়িত ছিলেন। এ ছাড়া নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন তিনি। পত্রিকাটির বার্তা সম্পাদক আবুল কাশেম বলেন, ‘নিহত রানা প্রতাপ আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। একসময় তার নামে মামলা থাকলেও সবগুলো থেকেই তিনি খালাস পেয়েছেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি।’

নিহতের আড়–য়া গ্রামের বাসিন্দা কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, রানা প্রতাপের নামে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে তারা জানেন। ঝামেলা এড়াতে তিনি এলাকায় খুব একটা থাকতেন না। মনিরামপুর ও অভয়নগর এলাকায় তার অবস্থান ছিল। এ ছাড়া মনিরামপুরের কপালিয়া বাজারে তার বরফকলের ব্যবসা রয়েছে।

এ বিষয়ে মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।’

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা : চট্টগ্রামের রাউজান উপজেলায় ফের খুনের ঘটনা ঘটেছে। জানে আলম সিকদার নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৯টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম বাসার গেটের সামনের উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে দাঁড়ায়। মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছে গিয়ে তার বুকে পরপর দুই রাউন্ড গুলি করে। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার কয়েক মিনিট পরই তার মৃত্যু হয়।

জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। স্থানীয় রাজনীতির কয়েকটি ঘটনার পর তিনি কিছুদিন ধরে তেমন সক্রিয় ছিলেন না বলে জানান দলটির একাধিক নেতা। পরিবার বলছে, তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। হঠাৎ কেন তাকে টার্গেট করা হলো, তা তারা বুঝতে পারছেন না।

ঘটনার বিষয়ে গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দিপ্তেষ দাশ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২০২৪ সালের ৫ আগস্টের পর রাউজানে রাজনৈতিক সহিংসতায় মোট ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১২টি রাজনৈতিক হত্যাকাণ্ড। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে ১০ জন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ জন খুন হন। বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয় শতাধিকবার। ৩৫০ জনের বেশি মানুষ এসব ঘটনায় গুলিবিদ্ধ হন।

সীতাকু-ে জাহাজে ডাকাতের হামলা দুই প্রহরী নিহত : চট্টগ্রামের সীতাকু- উপজেলার কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপ জাহাজে ডাকাতদলের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের মরদেহ খ-িত অবস্থায় পাওয়া গেছে।

গত রবিবার রাতের কোনো এক সময় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় অবস্থিত কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এ নিয়ে ইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন, খালেদ প্রামাণিক ও সাইফুল্লাহ। তারা দুজনই গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে একটি স্ক্র্যাপ জাহাজ কাটিংয়ের জন্য ইয়ার্ডে আনা হয়। রাতের বেলায় ডাকাতদল জাহাজে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় জাহাজে দায়িত্বে থাকা দুই নিরাপত্তা প্রহরী বাধা দিতে গেলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন এবং পরে মারা যান।

ঘটনার খবর পেয়ে সীতাকুন্ড থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ ও অন্যজনের দেহাংশ উদ্ধার করে। পরে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ডাকাতির ঘটনায় দায়িত্বে থাকা দুই গার্ড নিহত হয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, রাতে ডাকাতদল জাহাজে উঠে। দায়িত্বে থাকা গার্ডরা প্রতিরোধ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।