ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মামলা করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এতে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নির্ধারণ করে গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলকে অবৈধ ঘোষণার আরজি জানানো হয়েছে। পাশাপাশি সংসদ নির্বাচন ও গণভোটের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে আবেদনে। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আবেদনের যুক্তিতে মামলার নথিতে হয়েছে, যেহেতু অন্তর্বর্তী সরকার ব্যবস্থা সংবিধানে নেই তাই তত্ত্বাবধায়ক বা নির্বাচিত সরকার ব্যতীত নির্বাচন কমিশন দ্বারা জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করা সংবিধান সম্মত নয়। তাই তর্কিত নির্বাচন তফসিল অবৈধ ঘোষণা হওয়া আবশ্যক। আবেদনে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
আইনজীবী আবেদনে বলেন, সংবিধানের ৬৫ ও ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ এর ১১ ধারা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু গণভোটের বিধান সংবিধানেও নেই, আরপিওতেও নেই। তাই একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল অসাংবিধানিক ও ঘোষণা করা আবশ্যক। আবেদনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নব্বই দিনের মধ্যে কেন সংসদ নির্বাচন করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, এ মর্মে রুলের আরজি জানিয়েছেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নিষেধাজ্ঞা দিতে আবেদন করেছেন আইনজীবী।