বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবন-০১- এর সামনে সড়ক নির্মাণ কাজ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত তিন মাসের কাজের মেয়াদের দুই মাস পার হয়ে গেলেও এখনো কাজ শুরু করেনি ঠিকাদার প্রতিষ্ঠান ধারা এন্টারপ্রাইজ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রশাসনিক ভবন-০১- এর সামনে ১৫০ ফুট সড়ক নির্মাণে মোট ৬৪ লাখ ১৬ হাজার ২৪০ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।
গত বছরের ২০ নভেম্বর ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করে সড়ক নির্মাণের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ওয়ার্ক অর্ডার পাওয়ার সর্বোচ্চ ৭ দিনের মধ্যে কাজ শুরু করার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান দুই মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান কার্যক্রম শুরু করেনি। এতে করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
প্রশাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে ঠিকাদার গড়িমসি করছেন বলে অভিযোগ উঠেছে।
প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ধারা এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব (কালু)। তবে বাস্তবে এই প্রতিষ্ঠানের নামে দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভৌত ও অবকাঠামো উন্নয়ন কাজ করে আসছেন আওলাদ হোসেন মনু নামের এক ঠিকাদার। সংশ্লিষ্টদের দাবি, সড়ক নির্মাণকাজেও ধারা এন্টারপ্রাইজের কার্যাদেশ মনুই পেয়েছেন এবং কাজটি তিনিই পরিচালনা করছেন।
এ বিষয়ে জানতে আওলাদ হোসেন মনুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের উপপ্রধান প্রকৌশলী মো. মুর্শিদ আবেদিন বলেন, আমরা ঠিকাদারকে আজকেও (মঙ্গলবার) একটা সতর্কীকরণ চিঠি দিছি। এ বিষয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা সময়ই বলে দিবে।