খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ও প্রতিহিংসাপরায়ন হয়ে শেখ হাসিনা তার ব্যক্তিগত আক্রোশে বিনা কারণে ও অপরাধে তাকে জেলে পাঠেয়েছে। তাকে ফরমায়েশি রায় দিয়ে কারাগারে পাঠিয়ে নির্যাতন করা হয়েছে। কারাগারে তিলে তিলে স্লো-পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি হেঁটে হেঁটে কারাগারে ঢুকেছেন, আর চরম অসুস্থ হয়ে হুইলচেয়ারে করে বের হয়েছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি শেখ হাসিনা দায়ী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নরসিংদী পৌর সভা মিলনায়তনে নরসিংদী শহর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের সমাধি সরাতে মরিয়া হয়ে উঠেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুই কানের নকশা ৩ কোটি টাকা খরচ করে শেখ হাসিনা নিয়ে আসেন। সে নকশায় জিয়াউর রহমানের সমাধি ছিল না। একাধিকবার সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোর উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি। সেই জিয়াউর রহমানের কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। কোটি মানুষ চোখের জলে বেদনাহত চিত্তে বিদায় জানিয়েছেন দেশের অভিভাবককে।

নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, আব্দুল বাছেদ ভূঁইয়া, ফারুক উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ প্রমুখ।

পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।