টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চেয়ে কাদের সিদ্দিকীর দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব। গত সোমবার রাতে তিনি দলের কেন্দ্রীয় সভাপতি কাদের সিদ্দিকীর কাছে অব্যাহতির আবেদন করেন। রাত সাড়ে ৯টার দিকে ওই আবেদনপত্র নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন। কেউ কেউ তখন দাবি করেন, তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তবে এসব দাবি নাকচ করেছেন সানোয়ার হোসেন। গতকাল তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপি একজন সাবেক রাষ্ট্রপতি বীরউত্তম শহীদ জিয়াউর রহমানের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সে কারণে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে আমার জায়গা থেকে যতটুকু পারি, সমর্থন থাকবে।’