দিনাজপুরে পুলিশ সুপার (এসপি) পরিচয়ে টাকা আত্মসাতের মামলায় দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দিনাজপুর-৪-এ বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির এক নেতার কাছে এসপির নাম ভাঙিয়ে টাকা নেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোনার কেন্দুয়া থানার চোর হোসেনপুর গ্রামের মৃত ইদ্রিস খন্দকারের ছেলে জুনায়েদ খন্দকার ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ঈশ্বরগঞ্জ গ্রামের আরশাদ আলীর ছেলে হিমেল।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, প্রতারক চক্রটি দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান সরকার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বিএনপির প্রার্থী আখতারুজ্জামান মিয়ার কাছে নিজেদের পুলিশ সুপার জেদান আল মুসার পরিচয় দিয়ে যোগাযোগ করে। তারা নির্বাচনকালীন সময়ে দিনাজপুর-চিরিরবন্দর সড়কে পুলিশ বক্স স্থাপন করা হবে এমন ভুয়া আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে ক্ষতিগ্রস্তরা বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর ও ময়মনসিংহ থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন আরও জানান, সম্প্রতি সময়ে এই প্রতারক চক্র দিনাজপুরের বিভিন্ন এলাকায় নতুন করে প্রতারণা চালানোর পরিকল্পনাও করছিল। এ ঘটনায় দিনাজপুর চিরিরবন্দর থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার দুই প্রতারকের দেওয়া তথ্যে চক্রটির সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত করা হয়েছে। তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।