আয়েশা হত্যাকান্ডে বাবার জামিন নামঞ্জুর

পটুয়াখালীর রাঙ্গাবালীতে চাঞ্চল্যকর আয়েশা মণি হত্যাকা-ের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার তার বাবা বাবুল প্যাদার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে তাকে দুদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন হাসান এ আদেশ দিয়েছেন।

জানা গেছে, গতকাল বাবুল প্যাদাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গাবালী থানার এসআই মো. সোহান আহমেদ। এ সময় আসামিপক্ষের আইনজীবী বাবুল প্যাদাকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অবস্থান নিয়ে আইনজীবী মো. জসিম উদ্দিন জামিন নামঞ্জুরের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে বাবুল প্যাদার জামিন আবেদন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে একই মামলার মূল আসামি রুবেল প্যাদা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা মণি নিখোঁজের দুদিন পর গত রবিবার নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।