মতলবে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মতলব উত্তর উপজেলায় ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) মতলব উত্তর উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট শেষ হয় এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমতুল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন এবং বদরপুর আজিমীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা চলাকালে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ক্রিকেট, গোলক নিক্ষেপ, দড়ি লাফ, ভলিবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকস— এই ছয়টি ইভেন্টে অংশ নেয়। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব লক্ষ্য করা যায়।

আয়োজক সূত্রে জানা যায়, এ প্রতিযোগিতার মূল লক্ষ্য শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাবান প্রজন্ম গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।