মতলবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস। 

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন ও স্থানীয় খামারি সুজন সরকার।

বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু এবং হাঁস-মুরগি পালন, উন্নত খামার ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।

তারা আরও বলেন, নিরাপদ দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের টেকসই উন্নয়নে সরকারি দপ্তর, খামারি ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ খামারিদের মধ্যে সনদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত