চাঁদপুরের মতলব উত্তর

জলাবদ্ধতায় আমন, সবজি, বীজতলা ও ভুট্টা ক্ষতির মুখে

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। কোথাও পাকা ধান কাটছেন কৃষক, কোথাও চলছে মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি। নতুন ফসলের আশায় কৃষকের মুখে যখন স্বস্তির হাসি, ঠিক তখনই বৈরি আবহাওয়া সেই আনন্দে দুশ্চিন্তার ছায়া ফেলেছে।

গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাঠের পাকা ও কাটা ধান ভিজে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। আবহাওয়ার এমন অনিশ্চয়তায় একদিকে দ্রুত ফসল ঘরে তোলার তাড়া, অন্যদিকে ফসলের ক্ষতির শঙ্কা সব মিলিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে তাদের।

উপজেলা বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক নিচু জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা ও মাড়াই নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সদ্য রোপণ করা ও চারা অবস্থায় থাকা সবজি ক্ষেত এবং বোরো বীজতলায় পানি জমে যাওয়ায় শিকড় ও বীজ পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় অধিক লাভের আশায় ভুট্টা রোপন করলে সেগুলো এখন পানি জমে নষ্ট হওয়ার উপক্রম। জমিতে পড়ে থাকা কাটা ধান এবং পাকা ফসল নিয়ে উদ্বেগ বাড়ছে। সময়মতো রোদ না মিললে ধানের রং নষ্ট হওয়া, অঙ্কুরোদগম ও গুণগত মান কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

কৃষকরা জানান, আমন শুধু একটি ফসল নয়, গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান অবলম্বন। এ ফসল ঘরে তোলার মধ্য দিয়ে কৃষকের সারা বছরের খাদ্যনিরাপত্তা ও পারিবারিক ব্যয়ের বড় একটি অংশ নিশ্চিত হয়। তাই বৈরী আবহাওয়ার শঙ্কা কাটিয়ে কষ্টে ফলানো সোনালি ফসল নিরাপদে গোলায় তোলার অপেক্ষায় এখন মতলব উত্তরের কৃষক।

মতলব উত্তর উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ৯ হাজার ৭০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি থেকে তিন লাখ ২৭ হাজার  ২৩০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্য রয়েছে।

উপজেলার মাঠজুড়ে সোনালি ধানের ছাড়াছড়ি। পাকা ধান কাটার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা। পাশাপাশি লাউ, মিষ্টি আলু, বেগুন, আলু, করলাসহ বিভিন্ন জাতের শীতকালীন সবজি রোপণ ও বোরো ধানের বীজতলা তৈরির কাজও চলছিল পুরোদমে। কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। ফসলহানির শঙ্কায় হতাশায় দিন কাটছে তাদের।

সুলতানাবাদ ইউনিয়নের দাসের বাজার গ্রামের কৃষক মো.আতর আলী বলেন, এ বছর প্রায় এক একর জমিতে আমন ধানের আবাদ করেছি। ফলন খুব ভালো হয়েছে। বৃষ্টির কারণে ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কিনা, তা নিয়ে চিন্তায় আছি।

স্থানীয় কৃষকরা জানান, একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে বাজারে ধানের ন্যায্যমূল্য না পাওয়া ও কৃষি শ্রমিকের সংকটে তারা চাপের মধ্যে রয়েছেন। সব মিলিয়ে উৎপাদন খরচ তোলা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার ইসলামাবা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক আজিজ মিয়া বলেন,অধিক লাভের আশায় আগাম ভুট্টা চাষ করেছিলাম কিন্তু এখন বৃষ্টির পানি জমে সেগুলো নষ্ট হওয়ার পথে।

উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের কৃষক মতিন সরকার জানান, মৌসুমের শুরুতেই লাউ, বেগুন, আলু, ফরাস শিম ও করলার চারা লাগিয়ে ছিলাম। বৃষ্টিতে সবজি ক্ষেতের বড় ক্ষতি হয়ে গেল।

দুর্গাপুর ইউনিয়নের হরিনারগ্রামের কৃষক মালিক মিয়া ও ময়না মিয়া জানান, তারা প্রতিবছর ১৫ থেকে ২০ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেন। বোরো ধানের বীজতলা তৈরি করে বীজ ফেলার পরপরই বৃষ্টি শুরু হওয়ায় সব বীজ পচে যাওয়ার উপক্রম হয়েছে।

ফরাজিকান্দি ইউনিয়নের সরদার কান্দি  গ্রামের আনোয়ার হোসেন, মাসুক আহমদ, আব্দুল মুতলিব, ছালেক মিয়া ও শফিক মিয়া বলেন, ‘মাঠের পাকা ধান সময়মতো ঘরে তুলতে না পারলে ফসল ও গুণগত মান-দুটোই নষ্ট হবে। বৃষ্টির কারণে নুয়ে পড়া ধান কম্বাইন হারভেস্টার মেশিন দিয়েও কাটা যাচ্ছে না।’

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, ‘এ বছর উপজেলায় আমন ধানের আবাদ খুবই ভালো  য়েছে এবং ফসল কাটা চলমান রয়েছে। আশা করছি দুই একদিনের মধ্যেই আবহাওয়া অনুকূলে ফিরে আসবে। জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতি অনেকটাই সামাল দেওয়া যাবে এবং ক্ষয়ক্ষতি কমাতে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও পরামর্শ দিচ্ছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত