পুঁজিবাজারে ভালো নতুন কোম্পানি আসার সুযোগ ও সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
সভায় বিএমবিএর নবনির্বাচিত নির্বাহী কমিটিকে বিএসইসির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং পুঁজিবাজারের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় বিএসইসির কমিশনার মুহা. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও মো. সাইফুদ্দিন, বিএমবিএ সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক সুমিত পোদ্দার, সহসভাপতি মো. মনিরুল হক, কোষাধ্যক্ষ সৈয়দ রাশেদ হুসাইন, সদস্য গাজী মোহাম্মদ তারেক, সদস্য সুমন কুমার কু-ু ও সদস্য মো. সোহেল হক উপস্থিত ছিলেন।
বিএসইসির চেয়ারম্যান বলেন, বিএসইসি ও বাজার-সংশ্লিষ্টদের প্রচেষ্টা এবং পরিশ্রমের ফলে সম্প্রতি আইপিও রুলস গেজেটে প্রকাশিত হয়ে কার্যকর হয়েছে। আইপিও রুলস যুগোপযোগী হওয়ার মাধ্যমে পুঁজিবাজারে ভালো নতুন কোম্পানি নিয়ে আসার সুযোগ ও সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বিএমবিএর অন্যতম দায়িত্ব হলো ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট। বিএমবিএর সদস্য ইস্যু ম্যানেজাররা ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসার কাজ করবেন। এ ক্ষেত্রে বিএসইসি বরাবরই ইতিবাচক মনোভাব রাখে। পুঁজিবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিতে বিএসইসি সব ধরনের সহায়তা করবে।
পুঁজিবাজারে ক্যাপিটাল ফরমেশন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট ও করপোরেট অ্যাডভাইজরিসহ বিভিন্ন ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব বাড়াতে হবে। মার্চেন্ট ব্যাংকগুলোর সক্ষমতা, দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন হলে বিনিয়োগকারীসহ বাজার-সংশ্লিষ্ট সবাইকে পুঁজিবাজারের প্রতি আরও আকৃষ্ট ও আগ্রহী করবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ বলেন, প্রতিটি মার্চেন্ট ব্যাংক এবং মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠনের তথ্যবহুল ওয়েবপেজ ও ওয়েবপোর্টাল থাকা প্রয়োজন। প্রকৃত তথ্য-সংবলিত এসব ওয়েবপেজ ও ওয়েবপোর্টাল বিনিয়োগকারীসহ বাজার-সংশ্লিষ্টদের পুঁজিবাজারে সচেতনতা সৃষ্টি করে তাদের আরও উপযোগী করবে।