২৯ জানুয়ারি ঢাকা করাচি বিমানের ফ্লাইট শুরু

চলতি মাসের (২৯ জানুয়ারি) ঢাকা-করাচি রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করছে বিমান জাতীয় পতাকাবাহী পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার।

এসব ফ্লাইট ঢাকা স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে।

নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দাবি, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা প্রদানে সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক উড়োজাহাজ ও দক্ষ ক্রু দ্বারা পরিচালিত এই ফ্লাইটে যাত্রীরা আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন। টিকিট বুকিং ও ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য কাছাকাছি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয় অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, বিমান কল সেন্টার, অথবা বিমানের ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে।