জুলাই হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন করা হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ম-লকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার রাতে গোপনসংবাদের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাকির হোসেন ম-ল (৪৩) ঢাকার আশুলিয়া থানার দূর্গাপুর এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং আশুলিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

ডিবি পুলিশ জানায়, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির হোসেন ম-লের অবস্থান জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, জাকির হোসেন ম-ল দীর্ঘদিন পলাতক ছিলেন। সোর্স মারফত খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে পাঠানো হয়েছে।