এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করা। ন্যূনতম মেরামত করে, কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়ার । এই কাজটি যদি করা যায়, তাহলে সেটাই হবে আমাদের প্রথম ধাপ। এর পরের নির্বাচনে আমরা ধাপে ধাপে আরও উন্নতির দিকে যেতে পারব। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও ব্যুরো কার্যালয়ে ৮১টি সংস্থার ‘অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি : এএফইডি’র একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা অনেক এবং যৌক্তিক। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকিউম হয়ে গিয়েছে। এই ভ্যাকিউমটার কারণে আমরা এখনো বলতে পারি ২০০৮ সালের আগে পড়ে আছি। এই বাস্তবতায় আমাদের সব ক্ষেত্রেই প্রত্যাশার সাথে যৌক্তিক প্রত্যাশার একটা সমন্বয় ঘটাতে হবে।
সানাউল্লাহ বলেন, কমিশন যেমন এই চ্যালেঞ্জগুলো ফেস করছে, আমি নিশ্চিত সিটিজেন অবজারভেশনও একই চ্যালেঞ্জ ফেস করছে। আমাদের কঠিন কাজ ছিল নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিবন্ধন দেওয়া। আমাদের সীমাবদ্ধতা ছিল। কারণ গত তিনটি সাজানো নির্বাচনে পর্যবেক্ষকদের একটি বড় অংশ ওই নির্বাচনে যুক্ত ছিল। আমরা মনে করি, তারা যথাযথভাবে দায়িত্ব পালন করে নাই। তাই তাদের নিবন্ধন দেওয়া সম্ভব হয়নি। আমরা চাই যে এবারের সিটিজেন অবজারভেশনটা মানসম্মতভাবে হোক।
অনুষ্ঠানে ডেমোক্রেসি ওয়াচ-এর চেয়ারপারসন তালেয়া রহমান, খান ফাউন্ডেশনের কো-চেয়ার রোকসানা খন্দকারসহ সরকারি ও বেসরকারি সংস্থা, দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রার্থিতা ফেরাতে তৃতীয় দিনে ১৩১ আপিল : মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে ১৩১ প্রার্থী আপিল করেছেন। এ নিয়ে গত তিন দিনে ২৯৫ জন আপিল করেছেন। গতকাল বুধবার নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানায়।
ইসির তথ্যনুযায়ী, রংপুর অঞ্চলে আপিল করেছেন ৯ জন, রাজশাহীতে ১৫, খুলনায় ১১, বরিশালে ৯, ময়মনসিংহ ১৬, ঢাকায় ৩১, ফরিদপুরে ৭, সিলেটে ৪, কুমিল্লায় ১৯ ও চট্টগ্রামে ১০ জন সক্ষুব্ধ প্রার্থী আপিল করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন গ্রহণ। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।